শবে বরাতে আতশবাজি ও ফানুসে ডিএমপির নিষেধাজ্ঞা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা এবং শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। এই উপলক্ষে মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা অর্থাৎ ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো যাবে না। পাশাপাশি ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো এবং বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

ডিএমপি জানিয়েছে, শবে বরাতের পবিত্রতা নষ্ট করে এমন যেকোনো কর্মকাণ্ড রোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

DR/SN
আরও পড়ুন