শাহবাগে পৃথক স্থান থেকে তিন মরদেহ উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৯:০৯ পিএম

রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক তিনটি স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকালে আনন্দবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, পৃথক তিন স্থানে কয়েকজন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

এরপর বেলা ১১টার দিকে আনন্দবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে আরও দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুজনের বয়স আনুমানিক ৬০ ও ৫৫ বছর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত কারও পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা ভবঘুরে ছিলেন। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Attr/AHA
আরও পড়ুন