শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণালংকারের ওজন ৩৯৭ দশমিক ৭ গ্রাম এবং এগুলো ২২ ক্যারেট মানের বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রাবিয়া বেগম, আকাশ আহমেদ ও মো. জলিল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এপিবিএনের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা সেখান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পরে তাদের দেহ তল্লাশি করে ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এপিবিএনের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণালংকার ও অন্যান্য পণ্য বাংলাদেশে আনা হয়েছে। চোরাচালানের উদ্দেশ্যে এসব পণ্য আনা হয়েছিল বলেও জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এপিবিএনের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। তবে তাদের বিরুদ্ধে এ অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় বৃহস্পতিবার বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, বিমানবন্দর এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন নিয়মিতভাবে কাজ করছে। মাদক ও স্বর্ণ চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ তৎপরতা ঠেকাতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত