হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৪:১৯ এএম

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়া নামে দুই সহোদরের মৃত্যু এবং আরও দুইজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

মৃত দুই সহোদর দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎ তার ছিঁড়ে জমিতে পরে। এসময় জমিতে কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন গুরুতর আহত হন। 

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। 

আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে পুলিশ। 

দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানা গেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। লাশের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

HN
আরও পড়ুন