ভবদহের স্থায়ী সমাধানে টিআরএম চালুর দাবি, জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ৫ মন্ত্রী

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ এএম

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও স্থায়ী সমাধানের পথ খুঁজতে সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন সরকারের পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব। শনিবার দিনভর সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় ও জলাবদ্ধ এলাকা ঘুরে দেখেন তারা। এ সময় চলমান প্রকল্পের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি স্থায়ী সমাধানে নদী-খাল খনন ও বিলগুলোতে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালুর দাবি জানান স্থানীয়রা। একই সঙ্গে অতীতে প্রকল্পের নামে বরাদ্দের অপচয় ও অনিয়মের অভিযোগ তুলে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

শনিবার (২৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যশোর-৩ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি।

সভায় পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলমান কাজের কারণে ভবদহ অঞ্চলের মানুষের দুর্ভোগ কিছুটা কমেছে। কাজগুলো সম্পন্ন হলে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, জলাবদ্ধতার কারণে প্রতি বছর হাজারো কৃষক ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।

তবে চলমান প্রকল্পের কার্যক্রমকে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান হিসেবে দেখছেন না ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। তিনি বলেন, ‘শুধু সেচ প্রকল্প দিয়ে ভবদহের মুক্তি মিলবে না। ভরাট হয়ে যাওয়া নদী-খাল খননের পাশাপাশি বিলগুলোতে জোয়ার-ভাটা বা টিআরএম চালু করতে হবে।’

অতীতের বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়ন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইকবাল কবির জাহিদ বলেন, ‘বছরের পর বছর বরাদ্দের নামে অর্থের অপচয় ও অনিয়ম হলেও ভুক্তভোগীরা সুফল পাননি। তাই প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি।’

মতবিনিময় সভায় কেশবপুর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী, মণিরামপুর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার কাজী রফিকুল ইসলাম, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ভবদহ অঞ্চলের নেতারা উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত