ঠাকুরগাঁওয়ে নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৪:২২ পিএম

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরাদেহ নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের গলি থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) ঠাকুরগাঁও শহরের সালান্দর মাদ্রাসা পাড়ার নিজ বাড়ির পিছনের গলি থেকে নিখোঁজ নিবিরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত নিবির ওমান প্রবাসী আব্দুস সালাম বাবলুর ছেলে।

এঘটনায় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ। আটককৃত আলিফ এলাকার শিপন আলীর ছেলে ও লিখন একই এলাকার ফজর আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাড়ি থেকে খেলতে বের হওয়ার পরে আর ফিরে আসেনি নিবির। এনিয়ে সদর থানায় জিডি, মাইকিং ও ইন্টারনেটে ব্যাপক প্রচার এবং খোঁজ করা হলেও সন্ধান মেলেনি। শুক্রবার দিবাগত মধ্য রাতে বাড়ির জানালায় বিকট শব্দ করে দুর্বৃত্তরা। এতে ভয়ে কেউ বাড়ি থেকে বের হয়নি। তবে সকালে বাড়ির পাশের গলিতে নিবিরের মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন মাসহ পরিবারের সবাইকে ডাকে। পরে থানায় জানানো হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো. ফিরোজ ওয়াহিদ জানান, আমারা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

HK/SA
আরও পড়ুন