ন্যায় বিচার প্রতিষ্ঠায় বার ও বেঞ্চ একে অন্যের পরিপূরক: বরিশালে প্রধান বিচারপতি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বার ও বেঞ্চ একত্রে বিচার বিভাগ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় এরা একে অন্যের পরিপূরক প্রতিপক্ষ নয়। আইনপেশায় সফল হওয়ার জন্য কোন সংক্ষিপ্ত পথ নেই। এই পেশায় সফল হতে প্রয়োজন একাগ্রতা, নিষ্ঠা, সততা, ধৈর্য ও পরিশ্রম। একজন আইনজীবীর পড়াশোনার কোন শেষ নেই। আইনের সর্বশেষ সংশোধন সম্পর্কে নিজেকে আপডেট রাখার কোন বিকল্প নেই।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী এ্যানেক্স ভবন মিলনায়তনে জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, বরিশাল আদালতে বিভিন্ন পর্যায়ে ৪৭ জন বিচারক মামলা দায়েরের তুলনায় শতভাগ মামলা নিষ্পত্তি করেছেন। কিছু কিছু আদালতের বিচারক মামলা দায়েরের তুলনায় শতভাগের বেশি মামলা নিষ্পত্তি করেছেন। পরিসংখ্যান অনুসারে এ বছর ৮ হাজার ৯২৪ টি দেওয়ানী ও ফৌজদারি মামলার বিপরীতে ৮ হাজর ৯শ ৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। যা প্রমান করে যে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশের পথে আমরা হাটছি শত বাঁধা সত্ত্বেও আস্থা ও নিষ্ঠার সাথে বিচারকরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে চলছে।

বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে প্রি কেস মামলায় ১ কোটি ৬৮ লাখ ৩৪০ টাকা এবং পোষ্ট কেইস মামলায় ২ লাখ ৬০ হাজার টাকা পক্ষকে আদায় করে দিয়েছেন। যা আশাব্যাঞ্জক। এ সময় বিচার বিভাগকে বিচার প্রার্থীর সময় ও খরচ দুটিই যাতে কমে সেভাবে সাজানোর কথা জানান তিনি।

এসময় তিনি জুলাই আগষ্টের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধান বিচারপতি বলেন, যে মহান আদর্শের ওপর ভিত্তি করে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, যে প্রত্যাশায় আমাদের দেশের ছাত্র-জনতা জুলাই আগস্ট মাসে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি কেতন দিতেছে যার লক্ষ্যও ছিল দেশের সকল স্থলে সামাজিক সম্মান, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করা।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম কবির বাদলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন আদালতের বিচারকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

MMS
আরও পড়ুন