প্রেমের টানে চীনা যুবক নবীনগরে, চলছে বিয়ের প্রস্তুতি

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম
প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসেছেন জিয়া ঐলী নামে এক যুবক। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জিয়া ঐলী। তার নাম রাখা হয়েছে জাহিদ ইসলাম। যেকোনো সময় তাদের বিয়ে সম্পন্ন হবে বলে নিজেই নিশ্চিত করেছেন তরুণী স্বপ্না আক্তার। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে চীনের সিচুয়্যান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়া ঐলী নামের এক যুবকের।
নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন অনলাইনে কথা বলার পর প্রিয় মানুষটির সঙ্গে সরাসরি দেখা করতে সোমবার (১৫ জুন) রাতে তিনি উপজেলার নীলনগর এলাকায় স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছেন। পরে তিনি তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। অনেকেই বিদেশি ওই যুবককে এক নজর দেখতে ভিড় করেন।
স্বপ্নার পরিবারের সদস্যরা জানান, চীনা যুবক স্বপ্না আক্তারকে বিয়ে করতে চান। মঙ্গলবার দুপুরে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন মুসলিম রীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন করা হবে।
নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে অবগত নয়, খোঁজ খবর নেয়া হচ্ছে। 
MCH/AHA
আরও পড়ুন