রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়শা বেগম (৪৮) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করে নগদ প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। নিহত আয়শা বেগম ওই এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় আয়শা বেগম বাড়িতে একা ছিলেন। তার স্বামী ও সন্তানরা পারিবারিক কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে।
ধারণা করা হচ্ছে, লুটপাটের উদ্দেশ্যে ঘরে ঢোকার পর আয়েশা বেগম তাদের চিনে ফেলায় তাকে শক্ত কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই জানান, সন্ধ্যার দিকে চিৎকার শুনে তারা দ্রুত বাড়িতে গিয়ে আয়শা বেগমকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। একই সঙ্গে ঘরের আলমারির ড্রয়ার ভাঙা অবস্থায় পাওয়া যায়। স্বজনদের দাবি, ঘরে থাকা প্রায় সাড়ে ৩ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনার পরপরই বিষয়টি বরকল থানাকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দেয় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গাজীপুরে ড্রেনে পড়ে নারীর মৃত্যু
ভিন্ন ধর্মের দুই তরুণ-তরুণীর সংসার, এলাকায় চাঞ্চল্য
অজুর সময় বজ্রপাতে ৩ মাদরাসা ছাত্র নিহত