জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করতে কিশোরগঞ্জে এক অবহিতকরণ ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা সিভিল সার্জন দপ্তর।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন রবিবার দিনব্যাপী জেলার মোট ২ হাজার ৯৩৪টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এবার কিশোরগঞ্জ জেলায় মোট ৫ লাখ ২৬ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইনে শিশুদের বয়স অনুযায়ী দুই রঙের ক্যাপসুল খাওয়ানো হবে: ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
সভায় বক্তারা বলেন, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের বুকের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো জরুরি। নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শিশুমৃত্যুর ঝুঁকি অনেক কমে যায়। তাই কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
ফটিকছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন
তূর্ণা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী
কাপাসিয়ার গাছে গাছে কাঁঠাল, দাম কম থাকায় হতাশ কৃষক