কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা অন্তত ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন। নৌকাটিতে আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন সাগর এলাকায় এ নৌকা ডুবির ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানায়, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে একদল রোহিঙ্গা নৌকাযোগে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এসময় শাহপরীরদ্বীপ উপকূলের কাছাকাছি পৌঁছালে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।
এ ব্যাপারে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান বলেন, রাখাইনে সংঘাতময় পরিস্থিতির কারণে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। নৌকাডুবির খবর পেয়ে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযানে অংশ নিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়ার জেলে মো. ইসমাইল জানান, ডুবে যাওয়া নৌকাটিতে ৩১ জন আরোহী ছিলেন। স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। তবে এখনো ১৩ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কোন নারী ও শিশু নেই বলেও জানান তিনি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, শাহপরীরদ্বীপ এলাকায় নৌকাডুবির ঘটনায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় এবং বাংলাদেশে আসার কারণ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটকের মৃত্যু
টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
রাঙামাটিতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার