৩৯ ঘণ্টা পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে সাগরের স্রোতে ভেসে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ ইব্রাহিম খান (২৭) এর মরদেহ প্রায় সাড়ে ৩৯ ঘণ্টা পর মহেশখালীর সোনাদিয়া দ্বীপের একটি চর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে সোনাদিয়া দ্বীপের চরে মরদেহটি ভেসে এলে স্থানীয় গ্রাম পুলিশ তা উদ্ধার করেন। পরে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সমুদ্রসৈকতে জেলা প্রশাসনের নিয়োজিত কর্মী মাহবুব আলম।

এর আগে বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সৈকতের জলতরঙ্গ পয়েন্টসংলগ্ন এলাকায় গোসলে নেমে সাগরের স্রোতে ভেসে যান দুই পর্যটক। পরে ইয়াছিন খান (২৫) নামের একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান নিখোঁজ ছিলেন।

মাহবুব আলম জানান, ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে প্রায় ১১০ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসে। তারা শহরের হোটেল বিস্তা বে-তে অবস্থান করছিলেন। বুধবার দুপুরে দলটির কয়েকজন জলতরঙ্গ পয়েন্টের সামনে সাগরে গোসলে নামেন। একপর্যায়ে স্রোতের টানে ইয়াছিন খান ও ইব্রাহিম খান ভেসে যান।

ইয়াছিন খানকে উদ্ধার করা সম্ভব হলেও ইব্রাহিমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে তার সন্ধানে কক্সবাজার সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হয়।

শুক্রবার সকালে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের একটি চরে মরদেহ ভেসে আসার খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করেন। পরে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।

নিহত ইয়াছিন খান ও মোহাম্মদ ইব্রাহিম খান দুজনই আই জেট কেপি কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান জানান, উদ্ধার করা পর্যটকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

MCH
আরও পড়ুন