চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই তরুণ হলেন, তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল-ওমর (১৯)। শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে এবং ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে। তারা দুজনই আবুতোরাব বাজারের একটি ল্যাবে কর্মরত ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে বন্ধু ওমরকে সাথে নিয়ে বারৈয়ারহাট বাজারে যান শুভ। বাইক কেনাকাটা শেষে রাতে বাড়ি ফেরার পথে বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি তাদের বাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শুভ। অপরদিকে গুরুতর আহত অবস্থায় ওমরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সবকিছু ভেসে গেল, দাঁড়িয়ে রইল এক সবুজ বাড়ি
সূর্যের আলোয় চলবে অ্যাম্বুলেন্স, দুর্গম এলাকায় মিলবে চিকিৎসাসেবা