ফেনীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ এএম

ফেনীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য, আন্তঃজেলা চোরচক্র ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিসহ বিভিন্ন অপরাধে মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে একযোগে এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে ফেনী রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রাহ্মণপুকুর পাড় ও ফেনী সরকারি কলেজের পেছনের সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, এদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। ডাকাতচক্রের বিরুদ্ধে ফেনী মডেল থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

​পৃথক এক অভিযানে চট্টগ্রাম থেকে গাজীপুরগামী কাভার্ডভ্যান থেকে অ্যালুমিনিয়াম ওয়্যার চুরির ঘটনায় জাহাঙ্গীর আলম (৪১) নামে চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করে পুলিশ। এছাড়া অভিযানের বাকি অংশে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামি, তালিকাভুক্ত মাদককারবারি ও সেবীদের গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জেলাজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। ডাকাত দলের সদস্য ও চোরচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২২ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। জেলা থেকে চুরি, ডাকাতি ও মাদকের অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমইউ
আরও পড়ুন