বিদ্যালয়ে মোবাইল ফোন আনার নিষেধাজ্ঞা অমান্য করায় লক্ষ্মীপুরের কমলনগরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল ফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছেন এক শিক্ষক। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোনটি পাওয়ার পর শিক্ষক শরীফ শিক্ষার্থী ও অন্যদের সামনে হাতুড়ি দিয়ে সেটি ভেঙে দেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার পরিবেশ ঠিক রাখতে গত ৯ সেপ্টেম্বর একটি নোটিশ জারি করা হয়। নোটিশে চুল কাটার বিষয়ে নির্দেশনার পাশাপাশি বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে এলে সেটি বিনষ্ট করা হবে বলে উল্লেখ করা হয়।
নোটিশটি পরে বিদ্যালয়ের সব শিক্ষককে পড়ে শোনানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়।
এরপরও অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়ায় নোটিশের নির্দেশনা অনুযায়ী সেটি নষ্ট করা হয় বলে জানান শিক্ষক শরীফ।
তিনি বলেন, “বিদ্যালয়ে মোবাইল ফোন আনা নিষেধ—এ বিষয়ে আগেই নোটিশ দেওয়া হয়েছে। এরপরও অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। তাই নোটিশ অনুযায়ী ফোনটি প্রকাশ্যে বিনষ্ট করে দেওয়া হয়েছে, যাতে অন্য শিক্ষার্থীরা সতর্ক হয়।”
ফোনটি ভাঙার সময় শিক্ষক শরীফ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নেক্সটে (ভবিষ্যতে) ফোন আনতে চাইলে এইটার কথা চিন্তা কইরো।”
বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখা এবং বিদ্যালয়ে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করার লক্ষ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে শিক্ষার্থীর ব্যক্তিগত সম্পদ প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
এআই নিরাপত্তা ঝুঁকিকে ‘ভাঁওতাবাজি’ বললেন ট্রাম্প
দুইবার ভ্যান হারিয়ে নিঃস্ব আব্দুল্লাহ, ঋণের বোঝায় দিশেহারা পরিবার