বিজয়নগরে ১৮ মামলার আসামি ‘বাবুল ডাকাত’ গ্রেপ্তার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও ১৮ মামলার আসামি বাবুল মিয়া ওরফে ‘বাবুল ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চুরি, অপহরণ ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চম্পকনগর বাজার এলাকা থেকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বাবুল মিয়া বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি ডাকাতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চম্পকনগর বাজার এলাকায় অভিযান চালানো হয়। বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বাবুল মিয়ার বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, বাবুল মিয়ার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগে ১৮টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমইউ
আরও পড়ুন