ছেলেকে থানায় দেখতে গিয়ে বাবা গ্রেপ্তার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৬ এএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ছেলে সাব্বির আহমদকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তার বাবা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

শনিবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

এর আগে শুক্রবার দুপুরে আব্দুল মান্নান ও তার ছেলে সাব্বির আহমদকে (২১) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাব্বির আহমদ উপজেলার চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়রা জানান, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় পুলিশ সাব্বির আহমদকে গ্রেপ্তার করে। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান আব্দুল মান্নান। পরে পুলিশ তাকেও গ্রেপ্তার করে। তবে পরিবারের দাবি, বাবা-ছেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না।

সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমইউ
আরও পড়ুন