পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে মো. এরশাদ আকন্দ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের ভুঞাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, এরশাদ আকন্দ নিজেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর ঘনিষ্ঠ আত্মীয় পরিচয় দিয়ে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ করতেন। সেই পরিচয়ের সুযোগ নিয়ে তিনি এক ব্যক্তির ছেলেকে পুলিশে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।
অভিযোগ অনুযায়ী, গত সোমবার রাজধানীর শাহবাগ এলাকার একটি হোটেলে সাক্ষাতের সময় চাকরির নিশ্চয়তা দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন তিনি। তবে নির্ধারিত সময়ে চাকরির ব্যবস্থা করতে না পারায় প্রতারণার বিষয়টি সামনে আসে।
পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় মামলা দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গাইল থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি অভিযুক্তের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা প্রতারক চক্র জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
প্রেমেরটানে নবীনগরে আসা সেই চীনা যুবকের ইসলাম ধর্ম গ্রহন
আশুগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু