কিশোরগঞ্জে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৫টি  মাদ্রাসা ও ৪টি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ৯টি প্রতিষ্ঠানের ১ হাজার ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
 
শনিবার ২৫ জুলাই) সকাল ১১টায় সামাজিক ও সেবামূলক সংস্থা ‘জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশন’ এর আয়োজনে উপজেলার শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
পরীক্ষা উপলক্ষ্যে সকাল থেকেই শিমুলিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি মুখরিত হয়ে ওঠে। পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করেন। ১৯টি কক্ষে ৬০জন কক্ষ পরিদর্শক, ১০জন হল সুপার এবং ৪জন শিক্ষক সহকারী হল সুপারের দায়িত্ব পালন করেন।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। এ সময় পাকুন্দিয়া সরকারি কলেজের প্রভাষক চিত্ত রঞ্জন বর্মন ও মোঃ সাইফুল্লাহ, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফসর উদ্দিন আহম্মদ, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন তরুন, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের প্রদর্শক মোহাম্মদ কামাল উদ্দিন ছোটনসহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এছাড়াও উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি মাহফুজুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল প্রমুখ।
জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশনের পরিচালক আনম তানভীর হায়দার ভূঁইয়া জানান, জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশন ইতোমধ্যে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট মেরামত ও সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার মানোন্নয়নে ইউনিয়নের ৯টি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণদের মাঝে বৃত্তি প্রদান করা হবে।
 
জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জুনায়েত ভূঁইয়া মোহন জানান, এলাকায় শিক্ষার প্রসার ও কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশে আমাদের এই আয়োজন। আগামীতে আমরা এই পরীক্ষা পুরো উপজেলা নিয়ে করার পরিকল্পনা করছি। এই সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংগঠনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, এ ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুরাগী ও প্রতিযোগিতামুখী করে তুলবে। সেই সাথে এ ইউনিয়নে শিক্ষার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত