রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর বাজারে অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্রায় ১০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বাজারের বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই দিন রাতে মো. আব্দুল জলিল মোল্লার তেলের মিলে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে।এতে জলিল মোল্লার তেলের মিল, তার ছেলের ওষুধের দোকান, হিটু মোল্লার পাটের গোডাউন, মিল্টন মোল্লার পাটের ঘর, কংগ্রেস বিশ্বাসের মুদি দোকান এবং আব্দুল হান্নান স্যারের ছেলে সুমনের ওষুধের দোকানসহ প্রায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালাউদ্দিন লস্কর জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার স্টেশনের সদস্যদের আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
বড় বোনকে ধর্ষণের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২