পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় দম্পতি নিহত

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৮:১৪ এএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়েসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাগারচর গ্রামের নুরু মিয়া (৬০) ও তার স্ত্রী আনোয়ারা (৫৮)।

আহতরা হলেন- তাদের মেয়ে মারজিয়া খাতুন এবং জাহাঙ্গীর ও মাহিম।

স্থানীয়রা জানান, ওই দিন দুপুরে পাকুন্দিয়া থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা নুরু মিয়া ও তার স্ত্রী আনোয়ারা ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে নুরু মিয়া ও আনোয়ারার মেয়ে মারজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর মাছবাহী ট্রাকটি পালিয়ে যায়। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

MU
আরও পড়ুন