ঢাকার কেরানীগঞ্জে ১১ বছরের এক শিশুর বিয়ের আয়োজনের অভিযোগে বর, কনের বাবা ও ঘটককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় কনের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার শাক্তা ইউনিয়নের রামেরকান্দা গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বর ফরহাদ (১৯), কনের বাবা আজিজুল হক (৪০) ও ঘটক হাসান। ফরহাদকে এক মাস এবং আজিজুল হক ও হাসানকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। কনের বোনকে করা হয়েছে ৫ হাজার টাকা জরিমানা।
প্রশাসন জানায়, রামেরকান্দা গ্রামে ১১ বছরের এক শিশুর বিয়ের আয়োজন করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে অপরাধের প্রমাণ পাওয়ায় ঘটনাস্থলেই দণ্ড দেওয়া হয়।
এদিকে বিয়ের সঙ্গে জড়িত কাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাঁকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
ইউএনও ওমর ফারুক বলেন, বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাজীকেও আটকের চেষ্টা চলছে।
তবে কনের বাবা আজিজুল হকের দাবি, বরপক্ষের লোকজন তাঁর ১১ বছরের মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার আয়োজন করেছিল। এ বিষয়ে প্রশাসনের কাছে বিচার চাইতে গিয়ে উল্টো তিনি আসামি হয়েছেন।
অন্যদিকে বরপক্ষ বলেছেন, দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন করা হয়েছিল। তাদের অভিযোগ, তৃতীয় একটি পক্ষ ব্যক্তিগত সুবিধা না পেয়ে প্রশাসনকে তথ্য দিয়ে তাঁদের বিপদে ফেলেছে।
সড়ক দুর্ঘটনায় মায়ের পর চিকিৎসাধীন মেয়েরও মৃত্যু
সিলেটে কিশোরীকে শিকলে বেঁধে নির্যাতন, আটক ৩
১৫ বছর ধরে অসুস্থ জুঁই চায় স্বাভাবিক জীবন