কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছুরিকাঘাতে ছোট ভাই রিয়াদ মিয়া (২০) নিহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মঠখোলা ইউনিয়নের চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ মিয়া ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। অভিযুক্ত হৃদয় মিয়া ঢাকার একটি হোটেলে কাজ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি। মাদক কেনার টাকা নিয়ে তিনি প্রায়ই মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন বলেও জানা গেছে।
শনিবার হৃদয় ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে ফিরে তিনি জানতে পারেন, মাদক সেবনের টাকা চাওয়াকে কেন্দ্র করে রিয়াদ তার মাকে মারধর করেছেন। এ নিয়ে হৃদয় ছোট ভাইকে জিজ্ঞাসা করলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে তাদের মা দুই ভাইয়ের ঝগড়া থামাতে এগিয়ে আসেন। এ সময় হৃদয়ের হাতে থাকা ছুরির আঘাত রিয়াদের বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই হৃদয় মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের