গাজীপুরের শ্রীপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে ফোনে কথা বলে বিষয়টি জানিয়েছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে যান তিনি। সেখানে গিয়ে প্রধান ফটকে জং ধরা তালা ঝুলতে দেখেন। গেটের ভেতরে কয়েকজন মাঠকর্মীকে গল্পগুজব করতে দেখা যায়। অথচ ওই সময় তাদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের কথা ছিল বলে জানা গেছে।
দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গেট খোলা না হলে পাশের ভাঙা দেয়ালের ওপর থাকা কাঁটাতারের বেড়া সরিয়ে দেয়াল টপকে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন এমপি।
পরিদর্শনের পর সাংবাদিকদের অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গেটে ঝুলতে থাকা তালায় দীর্ঘদিন ধরে খোলা না হওয়ার চিহ্ন দেখা গেছে। তালায় জং ধরে গেছে। স্বাস্থ্যকেন্দ্রটিতে পর্যাপ্ত জনবলও নেই।
তিনি বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের জন্য স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। অনেকের পক্ষেই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া সহজ নয়। এমনকি ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়াও তাদের জন্য কষ্টসাধ্য। তাই ইউনিয়ন পর্যায়ের এই স্বাস্থ্যকেন্দ্রের সেবা কার্যক্রম সচল রাখা প্রয়োজন।
পরিদর্শনকালে স্বাস্থ্যকেন্দ্রটির জনবল সংকটের বিষয়টিও তার নজরে আসে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে ফোনে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে এমপির পরিদর্শনের সময় স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে ছিলেন গাজীপুর ইউনিয়নের দায়িত্বে থাকা পরিবার পরিকল্পনা পরিদর্শক হাসান আল মামুন। তিনি পাশের আজুগিরচালা গ্রামের বাসিন্দা।
হাসান আল মামুন বলেন, তিনি ওই স্বাস্থ্যকেন্দ্রের কর্মী নন; পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত। স্বাস্থ্যকেন্দ্রে সংশ্লিষ্ট কোনো পদে লোক না থাকায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের নিয়ে সেখানে মাঝে মাঝে বৈঠক করা হয়। এ কারণে কেন্দ্রটির চাবি তার কাছে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহ হক বলেন, প্রায় সাত থেকে আট বছর ধরে স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম এভাবেই পড়ে আছে। চিকিৎসক বা প্রয়োজনীয় কর্মী না থাকায় ইউনিয়ন পর্যায়ের এই স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবা পাচ্ছেন না প্রত্যন্ত এলাকার মানুষ।
তিনি জানান, স্থানীয় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকেন্দ্রটি আধুনিকায়ন করে ১০ শয্যায় উন্নীত করার জন্য আবেদন করা হয়েছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ডিও লেটারও দিয়েছেন। এর পরই স্বাস্থ্যকেন্দ্রটি আকস্মিক পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ অবস্থাসহ নানা অনিয়মের চিত্র দেখতে পান তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ
দুই রেঞ্জে নতুন ডিআইজি, পুলিশের ১১ কর্মকর্তা বদলি
টাকা তোলার সুযোগ পেয়েও আমানত ফেরত নেননি ৭১ শতাংশ গ্রাহক