গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবৈধ ‘চায়না দুয়ারী’ জাল উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন গ্রাম পুলিশের দুই সদস্য।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আহত দুই গ্রাম পুলিশ সদস্য হলেন ডুমুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইউসুফ শেখ এবং ৯ নম্বর ওয়ার্ডের শ্যামল কুমার বিশ্বাস। ইউসুফ শেখ টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শ্যামল কুমার বিশ্বাস প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আহত শ্যামল কুমার বিশ্বাস জানান, টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারের নির্দেশনায় তারা বিভিন্ন এলাকায় অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধারে অভিযান পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় বুধবার বড় ডুমুরিয়া এলাকায় জাল উদ্ধারে গেলে ৩-৪ জন ব্যক্তি তাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন।
শ্যামল কুমার বিশ্বাসের অভিযোগ, হামলার সময় অভিযুক্তরা তাদের কাছে জানতে চান, কার নির্দেশে তারা জাল উদ্ধারে এসেছেন। একপর্যায়ে তাদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে গ্রাম পুলিশের ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত দুই গ্রাম পুলিশের খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নড়াইলে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
পাচার ঠেকাতেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: প্রতিমন্ত্রী