বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িবহরে হামলা

‘একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত তাদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। ঐ সময় ৮ সমন্বয়কের মধ্যে চারজনের ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা।’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ এএম

ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের গাড়িবহরে হামলা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে এ বিষয়টি জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট।

তবে হামলার শিকার হওয়া কেন্দ্রীয় সমন্বয়কদের নাম প্রকাশ করেননি হাসনাত আব্দুল্লাহ।

জানা গেছে, আজ সোমবার একটি অনুষ্ঠানে যোগ দিতে গতকাল রাতে বান্দরবানের লামায় যাচ্ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। পথে মেঘনা ব্রিজ পার হওয়ার পর ঢালের অংশে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত তাদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। ঐ সময় ৮ সমন্বয়কের মধ্যে চারজনের ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা। 

গত ২৭ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হত্যাচেষ্টার ঘটনা ঘটে।

KK
আরও পড়ুন
সর্বশেষপঠিত