ফরিদপুরের সালথা উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ওই দুই শিশুর নাম তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)। তাদের বাড়ি পাশের মধুখালী উপজেলার জামালপুর গ্রামে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে তানহা ও আবু তালহা মায়ের সঙ্গে নানাবাড়ি সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে আসে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আবু তালহা কয়েকজন শিশুর সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় আবু তালহা পানিতে ডুবে যায়। আবু তালহার বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজে পানিতে নামে এসময় সেও ডুবে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাদের দুজনকে পানি থেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়েছি।