কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা আমির হামজা এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সম্প্রতি একটি মেডিকেল কলেজ প্রকল্পের জন্য মাত্র তিন দিনে তাঁকে প্রায় ৫০ কোটি টাকার ‘অফার’ বা কমিশনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। আমির হামজা বলেন, ‘মেডিকেল কলেজের জন্য আমাকে ৫০ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, এই লেনদেনের কথা আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। আমি তাঁদের পরিষ্কার বলেছি—৫০ কোটি কেন, ১০০ কোটি এমনকি পুরো কুষ্টিয়া জেলা লিখে দিলেও আমি আমার সততার জায়গা থেকে একচুল নড়ব না।’
নবনির্বাচিত এই সংসদ সদস্য তাঁর আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী এবং বিরোধীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অবৈধ কাজ বা দালালি করতে চায়, তবে আমি তা তৎক্ষণাৎ জানতে পারব এবং কঠোর ব্যবস্থা নেব। আমরা জায়েজ পথ বাদ দিয়ে নাজায়েজ কোনো পথে হাঁটতে চাই না। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়তে চাই।’
সাধারণ মানুষ ও শ্রমিকদের উদ্দেশে তিনি নসিহত করে বলেন, ‘সব ধরনের অন্যায় ও হারাম পথ বর্জন করুন। বৈধ পথে চললে মানুষের খুব বেশি কিছু লাগে না। যাদের অনেক বেশি কিছু লাগে, তারা এই আসন থেকে অন্য কোথাও গিয়ে তা করার চেষ্টা করুন। আমরা নিজেরা সঠিক থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।’
নির্বাচনি প্রচারণায় নেমে ধান কেটে আলোচনায় মুফতি আমির হামজা
