ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন

আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:০৪ পিএম

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝিনাইদহ।

‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের কার্যকর পদক্ষেপের’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে সনাক, অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সনাক ঝিনাইদহের সভাপতি এন. এম. শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনা করেন ইয়েস দলনেতা মো. শাহিন আলম। সূচনা বক্তব্য দেন সনাকের আহ্বায়ক কাজল কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে টিআইবি’র পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য তাহমিনা ইবনে হাসিম। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষা এবং বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের জন্য টিআইবি’র সুপারিশসমূহ উপস্থাপন করেন।

এ সময় বক্তব্য দেন উপজেলা ভূমি বিষয়ক এসিজি সদস্য নাজমুল আলম রিগান, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ বিষয়ক এসিজি সমন্বয়ক রহুল আমিন এবং সনাক সদস্য মো. আবু তাহের। বক্তারা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, পরিবেশ আইন বাস্তবায়নের দুর্বলতা দূরীকরণ এবং পরিবেশ আদালত আইন-২০১০ সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধনে ইয়েস সহ-দলনেতা মো. রাতুল হাসান নবায়নযোগ্য জ্বালানি খাতে সুশাসন ও প্রসার নিশ্চিত করতে টিআইবি’র ১২ দফা সুপারিশ তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে এন. এম. শাহজালাল বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং জীবাশ্ম জ্বালানির বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে সরকার, নাগরিক সমাজ ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’

সবশেষে তিনি উপস্থিত সনাক, ইয়েস, এসিজি সদস্য এবং সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত