আট মাসে শৈলকুপা থানায় ১০২ মাদক মামলা, গ্রেপ্তার ১৭১

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৯:৩১ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে গত আট মাসে ১০২টি মাদক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৫৩৬ পিস ইয়াবা, প্রায় ১৬ দশমিক ৮৫৪ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল এবং ১৭টি ভাং গাছ।

শৈলকুপা থানার মাদক উদ্ধারসংক্রান্ত পরিসংখ্যান সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে এসব মামলা দায়ের ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে ১১টি মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় ৮৭ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ২০২৬ সালের জানুয়ারিতে ১৭টি মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২৫৪ পিস ইয়াবা ও প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফেব্রুয়ারিতে ১২টি মামলায় ২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মাসে ৪৫৯ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মার্চ মাসে ১৩টি মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৬৯ পিস ইয়াবা, প্রায় সাড়ে ৯ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল এবং ১৭টি ভাং গাছ উদ্ধার করা হয়। এপ্রিলে ১৩টি মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১৮৫ পিস ইয়াবা ও ৩৩৯ গ্রাম গাঁজা। মে মাসে ১০টি মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২৮৩ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জুন মাসে ১২টি মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় ২৪৫ পিস ইয়াবা ও ১ কেজি ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জুলাই মাসে ১৪টি মাদক মামলা রুজু হয়। এর মধ্যে ১৩টি মামলায় ৮৫৪ পিস ইয়াবা এবং একটি মামলায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ মাসে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

শৈলকুপা থানার তথ্য অনুযায়ী, আট মাসে মোট ১০২টি মাদক মামলা দায়ের হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৭১ জন। অভিযানে সর্বমোট ২ হাজার ৫৩৬ পিস ইয়াবা, প্রায় ১৬ দশমিক ৮৫৪ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল এবং ১৭টি ভাং গাছ উদ্ধার করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘মাদকের বিরুদ্ধে শৈলকুপা থানা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী, বহনকারী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। জনসাধারণের সহযোগিতায় মাদকমুক্ত শৈলকুপা গড়ে তুলতে ভবিষ্যতেও আমাদের অভিযান আরও জোরদার করা হবে।’

MCH/AHA
আরও পড়ুন