মাকে হত্যার অভিযোগে স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মামুনুর রশিদ (৪৩) নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টার মধ্যে শুক্রবার (২৮ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই যশোরের একটি আভিযানিক দল সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার ৮ নম্বর দেয়াড়া ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে মামুনুর রশিদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মামুনুর রশিদ ঝিকরগাছার লাউজানি এন এম মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।

পিবিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানার বাজেদুর্গাপুর এলাকায় নিজ বাড়িতে যান মামুনুর রশিদ। এ সময় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে মা আনোয়ারা খাতুনের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে মামুনুর রশিদ রান্নাঘর থেকে ধারালো বটি নিয়ে মায়ের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা খাতুন। ঘটনার পর মামুনুর রশিদ পালিয়ে যান এবং নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেন।

পুলিশের দাবি, মামুনুর রশিদের দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য তিনি তার মাকে দায়ী মনে করতেন। এ নিয়ে মায়ের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর রশিদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।

ঘটনার পর নিহতের আরেক ছেলে মঞ্জুর হাসান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পরে পিবিআই যশোর স্বপ্রণোদিত হয়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে।

পিবিআই যশোরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে মামুনুর রশিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

MCH
আরও পড়ুন