সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে হাবিবা (১০) ও লাবিব (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবা হাবিবুর রহমানের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। অপর শিশু লাবিব সাদ্দাম হোসেনের ছেলে এবং তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরেও তাঁদের সন্ধান করা হয়।

পরে আনুমানিক বেলা ১১টার দিকে পুকুরে গোসল করতে যাওয়া এক শিশুর বাবা ঘাটের পাশে দুই শিশুর স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। এরপর পুকুরে নেমে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে একে একে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নিহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।

দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

এম.সি.এইচ
আরও পড়ুন