চুয়াডাঙ্গায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ এএম

মাদকের কুফলতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানাধীন জয়রামপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে স্থানীয় যুবসমাজ মাদক নির্মূল কমিটির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ফারুক হোসাইন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ্ উদ্দিন এবং হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, গোটা চুয়াডাঙ্গা মাদকমুক্ত করতে জেলা পুলিশ নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় একজন মাদক কারবারি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তিনি ভবিষ্যতে মাদক কারবার থেকে সম্পূর্ণ বিরত থেকে সৎ ও স্বাভাবিক জীবনযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন