যুদ্ধ শুরু করুন, তাহলে বিধ্বংসী জবাবের মুখোমুখি হতে হবে: মোহসেন রেজায়ি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ এএম

ইরানের ওপর যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের মূল্য এমন পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দেশটির নৌবাহিনীর এক শীর্ষ কমান্ডার। তিনি বলেছেন, ভবিষ্যতে যাতে কেউ ইরানে হামলার সাহস না পায়, সে ধরনের প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে হবে।

ইরানের উত্তরাঞ্চলীয় নৌবহর ও চতুর্থ নৌ-অঞ্চলের কমান্ডার মোহসেন রাজ্জাকি বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় ও সহযোগিতা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর বরাতে জানা গেছে, রাজ্জাকি বলেন, ইরানের নৌবাহিনী সার্বক্ষণিকভাবে দেশের সামুদ্রিক সীমান্ত রক্ষায় নিয়োজিত রয়েছে। যেকোনো হামলার পরিণতি এমন হতে হবে, যাতে ভবিষ্যতে নতুন করে আক্রমণ চালানোর আগে প্রতিপক্ষকে একাধিকবার ভাবতে হয়।

তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের মূল্য এতটাই বাড়াতে হবে, যাতে শত্রু আর কখনো দেশটির ওপর হামলার সাহস না পায়।”

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কার মধ্যে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ধারাবাহিক কঠোর বক্তব্যের সর্বশেষটি রাজ্জাকির এই মন্তব্য।

এর আগে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “যুদ্ধ শুরু করুন, তাহলে বিধ্বংসী জবাবের মুখোমুখি হতে হবে।”

গত অক্টোবরের শেষ দিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সামরিক কমান্ডারদের ‘সর্বোচ্চ প্রতিরোধ’ নিশ্চিত করার নির্দেশ দেন। কোনো ধরনের নতুন হামলা হলে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়ার নির্দেশনাও দেন তিনি।

ইরানি কর্মকর্তাদের এসব বক্তব্যে সম্ভাব্য নতুন সামরিক সংঘাতের ক্ষেত্রে তেহরানের পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতির বার্তা উঠে এসেছে।

এমএজেড
আরও পড়ুন