২০২৬ সালে তরুণ প্রজন্মের আলোচিত ২০টি 'স্ল্যাং'

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

একসময় তরুণদের মুখে মুখে ফিরত ‘কুল’, ‘ফাটাফাটি’, ‘জোস’ কিংবা ‘ক্রিঞ্জ’। সময়ের সঙ্গে বদলেছে সেই শব্দভান্ডার। এখন সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেমিং, টিকটক, ইউটিউব ও মিমের দুনিয়া থেকে উঠে আসছে নতুন নতুন শব্দ। ‘মগিং’, ‘হুইমজি’, ‘অরা ফার্মিং’, ‘ম্যাক্সিং’ কিংবা ‘আনক’ শব্দগুলো অনেকের কাছে দুর্বোধ্য মনে হলেও তরুণদের অনলাইন কথোপকথনে এগুলোর ব্যবহার বাড়ছে।

২০২৬ সালে এসব স্ল্যাংয়ের মধ্যে বিশেষভাবে আলোচনায় এসেছে ‘মগিং’। যুক্তরাজ্যের কলিন্স ডিকশনারি শব্দটিকে ২০২৬ সালের ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে। অভিধানটির তথ্য অনুযায়ী, গত এক বছরে শব্দটির ব্যবহার বেড়েছে ২১০ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের Dictionary.com বছরের সেরা শব্দ হিসেবে বেছে নিয়েছে ‘ম্যাক্সিং’।

তরুণদের এই ভাষা কেবল নতুন শব্দ শেখার বিষয় নয়; এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে আত্মপরিচয়, সামাজিক অবস্থান, আত্মবিশ্বাস, রসবোধ, সৌন্দর্যবোধ এবং অনলাইন সংস্কৃতির নানা প্রবণতা।

আলোচিত ২০টি স্ল্যাং ও তার অর্থ

১. মগিং (Mogging)

কাউকে নিজের তুলনায় ম্লান বা কম আকর্ষণীয় করে ফেলা কিংবা কোনো ক্ষেত্রে অন্যকে ছাড়িয়ে যাওয়াকে বলা হয় ‘মগিং’। বিশেষ করে চেহারা, পোশাক, শারীরিক গঠন, আত্মবিশ্বাস বা ব্যক্তিত্বের তুলনায় শব্দটি ব্যবহৃত হয়।

উদাহরণ: ওর স্টাইল আমার চেয়ে অনেক ভালো সে আমাকে পুরো মগ করে দিয়েছে।

শব্দটির শিকড় রয়েছে বডিবিল্ডিং ও অনলাইন পুরুষতান্ত্রিক কিছু গোষ্ঠীর সংস্কৃতিতে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এর অর্থ বিস্তৃত হয়েছে। কলিন্স ডিকশনারির ২০২৬ সালের সেরা শব্দ নির্বাচিত হওয়ায় এটি ব্যাপক আলোচনায় আসে।

২. হুইমজি (Whimsy)

‘হুইমজি’ বলতে বোঝায় খামখেয়ালি, কল্পনাপ্রবণ, শিশুসুলভ আনন্দময় ও সৃজনশীল জীবনযাপন। দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয় উপভোগ করা, রঙিন পোশাক পরা, হাতে তৈরি জিনিস বানানো কিংবা অদ্ভুত কিন্তু আনন্দদায়ক কিছু করার মধ্যেও এর প্রকাশ দেখা যায়।

উদাহরণ: প্রতিদিনের একঘেয়েমি থেকে বেরিয়ে একটু হুইমজি জীবন কাটাতে চাই।

গণমাধ্যমের আলোচনায় শব্দটিকে কেবল একটি স্ল্যাং নয়, বরং জীবনযাপনের একটি ইতিবাচক প্রবণতা হিসেবে তুলে ধরা হয়েছে।

৩. অরা (Aura)

কোনো ব্যক্তির ব্যক্তিত্ব, উপস্থিতি, আত্মবিশ্বাস কিংবা আকর্ষণীয় ভাব প্রকাশে ব্যবহৃত হয় ‘অরা’। কারও মধ্যে আলাদা ধরনের ব্যক্তিত্ব বা উপস্থিতির শক্তি থাকলে বলা হয়, তার অরা আছে।

উদাহরণ: মঞ্চে ওঠার পর তার আত্মবিশ্বাসী উপস্থিতি পুরো পরিবেশ বদলে দিয়েছে তার অরা অসাধারণ।

৪. অরা পয়েন্টস (Aura Points)

কোনো কাজের মাধ্যমে সামাজিকভাবে কতটা আকর্ষণীয়, আত্মবিশ্বাসী বা প্রশংসনীয় মনে হচ্ছেন, সেটিকে মজার ছলে পরিমাপ করার ধারণা হলো ‘অরা পয়েন্টস’। ভালো কোনো কাজ করলে অরা পয়েন্ট বাড়ে, আবার বিব্রতকর কিছু করলে কমে যায় এমনভাবে তরুণেরা শব্দটি ব্যবহার করে।

উদাহরণ: বন্ধুকে বিপদে সাহায্য করে আজ অনেক অরা পয়েন্ট অর্জন করেছ।

৫. অরা ফার্মিং (Aura Farming)

নিজেকে অতিরিক্ত কুল, আত্মবিশ্বাসী বা আকর্ষণীয় হিসেবে তুলে ধরার জন্য পরিকল্পিতভাবে নানা আচরণ করাকে বলা হয় ‘অরা ফার্মিং’। কখনো এটি প্রশংসাসূচক, আবার কখনো ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহৃত হয়।

উদাহরণ: ক্যামেরার সামনে সব সময় কুল দেখানোর চেষ্টা করছ এটা তো অরা ফার্মিং!

৬. ম্যাক্সিং (Maxxing)

নিজের কোনো একটি দিককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া বা কোনো কাজের সর্বোচ্চ ফল পাওয়ার জন্য চেষ্টা করাকে বোঝায় ‘ম্যাক্সিং’। শব্দটি এসেছে ‘ম্যাক্সিমাইজিং’ থেকে।

যেমন- লুকসম্যাক্সিং’ (Looksmaxxing) অর্থ নিজের চেহারা ও বাহ্যিক সৌন্দর্য উন্নত করার চেষ্টা; ‘স্লিপম্যাক্সিং’ (Sleepmaxxing) অর্থ ঘুমের মান ও সময় উন্নত করার চেষ্টা। একইভাবে খাবার, ব্যায়াম ও উৎপাদনশীলতার ক্ষেত্রেও শব্দটির ব্যবহার হচ্ছে। Dictionary.com ২০২৬ সালের সেরা শব্দ হিসেবে ‘ম্যাক্সিং’ নির্বাচন করেছে।

৭. কোডেড (Coded)

কোনো ব্যক্তি, বিষয় বা পরিস্থিতির মধ্যে নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য, চরিত্র কিংবা অনুভূতির ছাপ থাকলে ‘কোডেড’ শব্দটি ব্যবহার করা হয়।

যেমন- ‘গোল্ডেন রিট্রিভার কোডেড’ বলতে এমন কাউকে বোঝানো হতে পারে, যার আচরণ বন্ধুসুলভ, প্রাণবন্ত ও সহজে মিশতে পারার মতো। আবার ‘স্ট্রেস কোডেড’ বলতে কোনো পরিস্থিতিকে উদ্বেগ বা মানসিক চাপ তৈরি করার মতো বোঝায়।

৮. স্লপ (Slop)

নিম্নমানের, অগোছালো কিংবা অর্থহীন কনটেন্টকে ব্যঙ্গ করে ‘স্লপ’ বলা হয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নিম্নমানের ছবি, ভিডিও ও লেখার ক্ষেত্রে শব্দটি বেশি ব্যবহৃত হচ্ছে।

উদাহরণ: সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানসম্মত কনটেন্টের চেয়ে এআই স্লপ বেশি দেখা যাচ্ছে।

৯. স্লাজ (Sludge)

‘স্লাজ’ বলতে এমন ধরনের ভিডিও কনটেন্ট বোঝায়, যেখানে একই পর্দায় একাধিক দৃশ্য বা উপাদান একসঙ্গে দেখানো হয় যেমন একদিকে গল্প বলা হচ্ছে, অন্যদিকে ভিডিও গেম চলছে, পাশাপাশি রয়েছে চোখ আটকে রাখার মতো কোনো দৃশ্য। দর্শককে দীর্ঘ সময় পর্দায় ধরে রাখাই এ ধরনের কনটেন্টের অন্যতম উদ্দেশ্য। ‘স্লপ’-এর সঙ্গে এর কিছু মিল থাকলেও দুটি শব্দের অর্থ এক নয়।

১০. ক্ল্যাঙ্কার (Clanker)

কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট, চ্যাটবট কিংবা যন্ত্রকে ঠাট্টা বা ব্যঙ্গ করে ‘ক্ল্যাঙ্কার’ বলা হয়। শব্দটির পুরোনো ব্যবহার পাওয়া যায় ‘স্টার ওয়ার্স’ গেমে রোবট বা ড্রয়েডকে অপমানসূচকভাবে বোঝাতে। উদাহরণ: এই ক্ল্যাঙ্কার চ্যাটবট আবার ভুল উত্তর দিলো !

১১. আনক (Unc)

‘আঙ্কেল’ শব্দের সংক্ষিপ্ত রূপ ‘আনক’। তরুণেরা কাউকে বয়সে বড়, পুরোনো ধ্যানধারণার কিংবা সময়ের সঙ্গে তাল মেলাতে না পারা ব্যক্তি হিসেবে মজা করে ‘আনক’ বলে ডাকে।

তবে শব্দটি সব সময় অপমানসূচক নয়। ঘনিষ্ঠ বন্ধু বা পরিচিতদের মধ্যে স্নেহমিশ্রিত ঠাট্টা হিসেবেও ব্যবহৃত হয়। উদাহরণ: তুমি এখনো পুরোনো ফোন ব্যবহার করছ? একেবারে আনক হয়ে গেছো !

১২. সিক্স-সেভেন (6-7) 

২০২৫ সালে আলোচনায় আসা ‘সিক্স-সেভেন’ ২০২৬ সালেও তরুণদের মধ্যে জনপ্রিয়। এর নির্দিষ্ট কোনো অর্থ নেই। একটি গান এবং বাস্কেটবল খেলার সময় এক তরুণের অঙ্গভঙ্গির মাধ্যমে শব্দটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সাধারণত কেউ ‘৬-৭’ বললে হাত দুটি ওপর-নিচ করে একটি বিশেষ অঙ্গভঙ্গি করে। অনেক সময় কোনো প্রসঙ্গ ছাড়াই মজা বা কৌতুকের অংশ হিসেবে শব্দটি ব্যবহার করা হয়।

১৩. রিজ (Rizz)

‘চারিসমা’ (Charisma) শব্দের সংক্ষিপ্ত রূপ ‘রিজ’। কারও আকর্ষণীয় ব্যক্তিত্ব, কথার জাদু কিংবা অন্যকে মুগ্ধ করার ক্ষমতা বোঝাতে এটি ব্যবহৃত হয়। বিশেষ করে প্রেমের প্রস্তাব দেওয়া বা ফ্লার্ট করার ক্ষেত্রে কারও দক্ষতা বোঝাতেও শব্দটি প্রচলিত।

উদাহরণ: কথা বলার ধরন দেখে বোঝা যায়, ছেলেটার রিজ বেশ ভালো।

১৪. ক্যাপ ও নো ক্যাপ (Cap, No Cap)

‘ক্যাপ’ অর্থ মিথ্যা, অতিরঞ্জিত কথা বা ভুয়া দাবি। আর ‘নো ক্যাপ’ অর্থ সত্যি বলছি, কোনো মিথ্যা নয়।

উদাহরণ: তোমার গল্পটা বিশ্বাস হচ্ছে না এটা ক্যাপ। নো ক্যাপ, আজকের অনুষ্ঠানটা অসাধারণ ছিল।

১৫. বপ (Bop)

‘বপ’ শব্দটি আগে আকর্ষণীয় বা ছন্দময় গান বোঝাতে ব্যবহৃত হতো। তবে জেন আলফার অনলাইন ভাষায় এটি কখনো কখনো নারীদের উদ্দেশে অবমাননাকর ও যৌন ইঙ্গিতপূর্ণ গালি হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

তাই শব্দটির ব্যবহার ও প্রেক্ষাপট সম্পর্কে সতর্ক থাকা জরুরি। কাউকে হেয় বা অপমান করার উদ্দেশ্যে এটি ব্যবহার করা হতে পারে।

১৬. লার্পিং (Larping)

নিজেকে বাস্তবের চেয়ে অন্য রকম, বেশি ধনী, ক্ষমতাবান বা সফল হিসেবে উপস্থাপন করাকে ‘লার্পিং’ বলা হয়। শব্দটির মূল অর্থ লাইভ-অ্যাকশন রোল-প্লেয়িং গেমে অংশ নেওয়া। তবে অনলাইন সংস্কৃতিতে এটি ভান করা বা সাজানো পরিচয় তুলে ধরার অর্থে ব্যবহৃত হচ্ছে।

উদাহরণ: সামাজিক যোগাযোগমাধ্যমে বিলাসবহুল জীবন দেখালেও বাস্তবে তার অবস্থা তেমন নয়—সে লার্পিং করছে।

১৭. সিগমা (Sigma)

স্বাধীনচেতা, আত্মনির্ভরশীল এবং অন্যের স্বীকৃতির ওপর নির্ভর না করা ব্যক্তিকে ‘সিগমা’ বলা হয়। বিশেষ করে এমন পুরুষকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়, যিনি প্রচলিত সামাজিক শ্রেণিবিন্যাস বা জনপ্রিয়তার প্রতিযোগিতায় অংশ না নিয়ে নিজের মতো চলেন।

তবে শব্দটির উৎপত্তি অনলাইন পুরুষতান্ত্রিক ‘ম্যানোস্ফিয়ার’ সংস্কৃতির সঙ্গে যুক্ত। তাই সব ক্ষেত্রে এটি নিরীহ প্রশংসা হিসেবে ব্যবহৃত হয় না।

১৮. ক্র্যাশ আউট (Crash Out)

রাগ, হতাশা বা আবেগের বশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা কিংবা হঠাৎ অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখানোকে ‘ক্র্যাশ আউট’ বলা হয়।

উদাহরণ: পরীক্ষায় খারাপ ফল করার পর সে একেবারে ক্র্যাশ আউট করেছে।

১৯. গ্লেইজিং (Glazing)

কাউকে অতিরিক্ত প্রশংসা করা, অন্ধভাবে সমর্থন করা কিংবা অযৌক্তিকভাবে কারও পক্ষ নেওয়াকে ‘গ্লেইজিং’ বলা হয়। সাধারণত ব্যঙ্গাত্মক অর্থে শব্দটি ব্যবহৃত হয়।

উদাহরণ: প্রতিটি পোস্টেই তার প্রশংসা করছ এটা তো গ্লেইজিং!

২০. চপড (Chopped)

কারও চেহারা, পোশাক বা বাহ্যিক সৌন্দর্যকে অনাকর্ষণীয় কিংবা মানহীন মনে হলে তরুণেরা ‘চপড’ শব্দটি ব্যবহার করে। এটি সাধারণত নেতিবাচক ও অপমানসূচক।

উদাহরণ: নতুন হেয়ারকাটটা একেবারেই ভালো হয়নি- পুরো চপড!

কেন এত দ্রুত বদলে যাচ্ছে তরুণদের ভাষা?

তরুণদের স্ল্যাংয়ের এই পরিবর্তনের পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্যোশাল মিডিয়া, অনলাইন গেমিং ও বিভিন্ন মিম পেজের মাধ্যমে একটি শব্দ কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে পারে। কোনো জনপ্রিয় কনটেন্ট নির্মাতার মুখে শোনা শব্দ দ্রুতই তরুণদের কথাবার্তার অংশ হয়ে যায়।

একটি গণমাধ্যম ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, Unscramblerer নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গুগল সার্চের তথ্য বিশ্লেষণ করে জেন আলফার সবচেয়ে বেশি খোঁজা স্ল্যাং শব্দগুলো চিহ্নিত করা হয়েছে। তালিকায় ছিল ‘সিক্স-সেভেন’, ‘চাড’, ‘রিজ’, ‘ক্যাপ’, ‘মগিং’, ‘বপ’, ‘লার্পিং’, ‘অরা’, ‘সিগমা’ ও ‘ক্র্যাশ আউট’।

আরেকটি গণমাধ্যমে ২৬ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, তরুণেরা পুরোনো শব্দকেও নতুন অর্থে ব্যবহার করছে। যেমন ‘হুইমজি’ শব্দটি নতুন নয়; কিন্তু তরুণদের ব্যবহারে এটি নতুন জীবনযাপনের প্রবণতা প্রকাশ করছে। একইভাবে ‘ম্যাক্সিং’ শব্দের সঙ্গে নানা শব্দ যুক্ত করে তৈরি হচ্ছে নতুন নতুন অভিব্যক্তি।

কিংস কলেজ লন্ডনের স্ল্যাং অ্যান্ড নিউ ল্যাঙ্গুয়েজ আর্কাইভের পরিচালক টনি থর্নের মতে, তরুণদের ভাষা ব্যবহারের ধরন সৃজনশীল। শব্দের গঠন ও অর্থ নিয়ে তাদের পরীক্ষা-নিরীক্ষা অনেকটা কবিতা বা সাহিত্যের মতো।

স্ল্যাং কি শুধু মজা, নাকি এর ঝুঁকিও আছে?

স্ল্যাং তরুণদের মধ্যে বন্ধুত্ব, সামাজিক পরিচয় ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে সংযোগ তৈরিতে ভূমিকা রাখে। তবে সব শব্দের ব্যবহার নিরীহ নয়। কিছু শব্দের সঙ্গে নারী বিদ্বেষ, শরীর নিয়ে হীনম্মন্যতা, বর্ণবাদ কিংবা অনলাইন উগ্রবাদী সংস্কৃতির যোগসূত্র রয়েছে।

বিশেষ করে ‘মগিং’ ও ‘লুকসম্যাক্সিং’-এর মতো শব্দ কখনো কখনো মানুষের চেহারা ও শারীরিক গঠনকে তুলনা করে শ্রেণিবিন্যাস করার প্রবণতা বাড়াতে পারে। আবার ‘বপ’-এর মতো শব্দ নারীদের হেয় করার কাজে ব্যবহৃত হয়।

নিউজিল্যান্ডের Classification Office ২০২৬ সালের ৬ নভেম্বর প্রকাশিত এক নির্দেশনায় সতর্ক করেছে, অনলাইন স্ল্যাং কখনো কখনো গোপন বা সাংকেতিক অর্থ বহন করতে পারে। কোনো শব্দ এক সম্প্রদায়ে নিরীহ কৌতুক হিসেবে ব্যবহৃত হলেও অন্য কোনো অনলাইন গোষ্ঠীতে সেটির অর্থ হতে পারে বিদ্বেষপূর্ণ। তাই শব্দের অর্থ বোঝার ক্ষেত্রে প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ।

ভাষা সব সময় পরিবর্তনশীল। এক প্রজন্মের কাছে যে শব্দ অদ্ভুত বা অর্থহীন, পরের প্রজন্মের কাছে সেটিই হয়ে উঠতে পারে স্বাভাবিক কথোপকথনের অংশ। ২০২৬ সালের তরুণদের স্ল্যাং সেই পরিবর্তনেরই আরেকটি উদাহরণ।

‘মগিং’ থেকে ‘হুইমজি’, ‘অরা ফার্মিং’ থেকে ‘ম্যাক্সিং’ এসব শব্দের মধ্যে যেমন আছে আত্মপ্রকাশ ও সৃজনশীলতা, তেমনি রয়েছে সামাজিক প্রতিযোগিতা, অনলাইন আসক্তি এবং কখনো কখনো নেতিবাচক মানসিকতার প্রতিফলন। তাই নতুন শব্দ শেখার পাশাপাশি সেগুলোর উৎস, অর্থ ও ব্যবহারের প্রেক্ষাপট বোঝাও জরুরি।

আজকের তরুণদের ভাষা বুঝতে না পারলে হয়তো আগামী দিনের জনপ্রিয় সংস্কৃতির অনেক কিছুই আমাদের অজানা থেকে যাবে।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত