শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলার অন্যতম আসামি মাহমুদুল হাসান রুবেলকে (৩৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার একটি বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এই হত্যা মামলার ৫৫ নম্বর এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঝিনাইগাতীর বনগাঁও এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় একটি বিলের ভেতর আত্মগোপনে থাকা অবস্থায় রুবেলকে আটক করা হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে রুবেলের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল। সংগঠনের আহ্বায়ক মো. মামুন অর রশিদ মামুন ও সদস্যসচিব মো. নিয়ামুল হাসান আনন্দ এক বিবৃতিতে দাবি করেন, আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই ‘মিথ্যা ও বানোয়াট’ মামলায় তাকে জড়ানো হয়েছে। তারা অবিলম্বে রুবেলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে আসন গ্রহণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত জামায়াত নেতা রেজাউল করিম ওই রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান শুরু করে।

DR/SN
আরও পড়ুন