শিক্ষার্থী মাসুমের দায়িত্ব নিলেন এমপি বাবুল

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০১:৫৫ পিএম

জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মেধাবী শিক্ষার্থী মাসুম মুন্নার দায়িত্ব নিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের পরিচয়পর্ব অনুষ্ঠানে দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে অভিভাবক মো. রেজাউল জানান, তার ছেলে মাসুম মুন্না কলেজটির ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং (ওয়াইএমই) বিভাগে প্রথম বর্ষে ভর্তি হয়েছে। তিনি দিনমজুরি করে সংসার চালান। সীমিত আয়ে নানা অভাব-অনটনের মধ্যেও ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কলেজের খরচ চালাতে তার কষ্ট হয় বলে জানান তিনি।

পরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী মাসুম মুন্নাকে তার ঐচ্ছিক তহবিল থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর হল ফি শতভাগ মওকুফের সিদ্ধান্ত নেয়।

শিক্ষার্থী মাসুম মুন্না বলেন, আমি একজন দিনমজুরের ছেলে। অনেক কষ্ট করে বাবা আমাকে এখানে পড়ার সুযোগ করে দিয়েছেন। সংসদ সদস্য স্যারের সহযোগিতা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করে একজন দক্ষ টেক্সটাইল প্রকৌশলী হতে চাই।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, একজন মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে পিছিয়ে না পড়ে, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমি অভিভাবককে বলেছি, নিশ্চিন্তে ছেলেকে আমার হাতে দিয়ে বাড়ি ফিরে যান। তার শিক্ষাজীবনে যতটুকু সহযোগিতা প্রয়োজন, আমরা করার চেষ্টা করব।

MU
আরও পড়ুন