নালিতাবাড়ী সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের সীমান্ত থেকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় থাকা তিনটি হায়েস মাইক্রোবাস ও তিন চালককেও আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার গহীন পাহাড় থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিজিবি।

বিজিবি জানায়, ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের যৌথ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের ১১১১ নম্বর সীমানা পিলারের কাছাকাছি এলাকা থেকে ১২ জনকে আটক করে।

আটক ব্যক্তিরা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে তারা অবৈধ পথে ভারতে গিয়ে শ্রমিকের কাজ শুরু করেছিলেন। সম্প্রতি ভারতে পুলিশি তৎপরতা ও কড়াকড়ি বাড়ায় তারা দালালের মাধ্যমে দেশে ফেরার চেষ্টা করেন।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে প্রায় ৩০ জনের একটি দল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নেওয়া বিজিবির টহল দল অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। এ সময় দলের অন্য সদস্যরা গারো পাহাড়ের গহীন জঙ্গলে পালিয়ে যান।

পরে সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দেশে ফেরত আসা ব্যক্তিদের পরিবহনের জন্য অপেক্ষায় থাকা তিনটি হায়েস মাইক্রোবাস আটক করা হয়। এ সময় গাড়ির তিন চালককেও আটক করে বিজিবি।

ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. নুরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এমসিএইচ
আরও পড়ুন