কালাই থেকে জামালগঞ্জে নেওয়ার পথে ১৯ বস্তা ডিএপি সার জব্দ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম

জয়পুরহাটের কালাই উপজেলা থেকে আক্কেলপুরের জামালগঞ্জে ভ্যানযোগে নেওয়ার সময় ১৯ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ক্ষেতলাল উপজেলার মনঝাড় বাজার এলাকায় দুটি ভ্যান থামিয়ে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সার জব্দ করে নিজেদের হেফাজতে নেন।

স্থানীয় লোকজন ও ভ্যানচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, কালাই উপজেলার মোলামগাড়িহাট বাজারের সার ডিলার মিজানুর রহমানের দোকান থেকে দুটি ভ্যানে করে ডিএপি সার জামালগঞ্জের দিকে নেওয়া হচ্ছিল। ভ্যান দুটি মনঝাড় বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন গতিরোধ করে তল্লাশি চালান। এ সময় ভ্যান দুটিতে ১৯ বস্তা ডিএপি সার পাওয়া যায়।

খবর পেয়ে ক্ষেতলাল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রউফ ঘটনাস্থলে যান। জব্দ করা সারের তালিকায় নয়ন নামের এক ভ্যানচালকের নাম উল্লেখ করা হয়েছে। তালিকা অনুযায়ী, ১৯ বস্তা ডিএপি সারের মূল্য ১৯ হাজার ৯৫০ টাকা।

স্থানীয় কয়েকজনের দাবি, একই সময় ওই সড়ক দিয়ে আরও কয়েকটি সারবোঝাই ভ্যান চলে গেলেও সেগুলো আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রউফ।

তিনি বলেন, স্থানীয় লোকজন দুটি ভ্যানে থাকা সার আটক করে প্রশাসনকে খবর দেন। পরে কৃষি বিভাগের মাধ্যমে সারগুলো উদ্ধার করা হয়। সার সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় তুলশীগঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর শহিদ কালুসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সার ব্যবসায়ী মিজানুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এমইউ
আরও পড়ুন