জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ এএম

জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, আক্কেলপুরের একটি চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে কষ্টিপাথরের একটি মূর্তি মজুত করেছে। এর ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিজিবি ও এসআরবির যৌথ টহলদল উপজেলার বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায়।

অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ মুকুল চন্দ্র মন্ডল ও কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও দুই সদস্য হামিদুর রহমান ও জাকির হোসেনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মূর্তি পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধার করা মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আক্কেলপুর সদরের মৃত সিরাজ সরদারের ছেলে হামিদুর রহমান (৬২), শ্রীরামপুরের অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে জাকির হোসেন (৫০), সোনামুখীর জালালপুর গ্রামের শ্রী সুচীন চন্দ্র মন্ডলের ছেলে মুকুল চন্দ্র মন্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৬০)।

জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধার করা মূর্তি ও গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত