কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর ফুলবাড়ী এলাকায় লোকালয়ের পাশ থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সাপটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে চর ফুলবাড়ী এলাকার একটি ঝোপঝাড়ের পাশে বিশাল আকৃতির সাপটি দেখতে পান কয়েকজন গ্রামবাসী। মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
এলাকাবাসীর দাবি, এ অঞ্চলে এর আগে এত বড় অজগর দেখা যায়নি। প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের সাপটি লোকালয়ে চলে আসায় বিশেষ করে শিশু ও নারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে বন বিভাগের দ্রুত পদক্ষেপে সাপটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন।
কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, খবর পাওয়ার পর বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে। প্রাথমিকভাবে সাপটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সেটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের প্রাণী লোকালয়ে চলে এলে কেউ যেন আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা বা আঘাত না করেন। দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিলে নিরাপদে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া সম্ভব।
মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগন : তথ্যমন্ত্রী
শাহজাদপুর ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ