দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, পূর্ববর্তী সরকারের সময়ে সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ করায় যুবসমাজের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার (১ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ হল রুমে "বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ২৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।'
মন্ত্রী বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি মাদক, জুয়া, ক্যাসিনো, বাল্যবিয়ে ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
যুব সমাজের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, 'তোমাদের চোখে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তোমরাই নতুন বাংলাদেশের হাতিয়ার। তাই তোমাদের মাদককে না বলতে হবে। মাদকের বিরুদ্ধে তোমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, তবেই হবে মাদকমুক্ত বাংলাদেশ'।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রাশেদুল হক প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।
ফটিকছড়িতে জুলাই শহীদদের স্মরণে এনসিপির দোয়া মাহফিল
জুলাই শহীদ রাকিবুলের কবর জিয়ারত করলেন রাশেদ খাঁন
সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন