সিলেটের শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি জয়নাল আবেদীন ও আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও বিশেষ জজ আবু ওবায়দা এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকির হোসেন সদর উপজেলার সোনাতলা পশ্চিমপাড়ার ধন রায়ের চক এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
মামলার এজহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ৭ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে প্রতিবেশী জাকির হোসেন সিগারেট আনতে পাঠানোর অজুহাতে চার বছরের শিশু ফাহিমাকে ঘরে আটকে ধর্ষণ করেন। এসময় শিশুটি অজ্ঞান হয়ে পড়লে গলা টিপে হত্যা করা হয়। ধরা পড়ার ভয়ে মরদেহ সুটকেসে করে দুদিন নিজ ঘরে লুকিয়ে রাখেন। পরে বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেন জাকির হোসেন। এ ঘটনায় ৮ মে জালালাবাদ থানায় হত্যা মামলা করা হয়। ১১ মে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার এক মাস পাঁচ দিনের পর তদন্ত শেষ করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামিকে মুত্যৃদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সিলেট মহানগর আদালতের পিপি মো. বদরুল আহমদ চৌধুরী জানান, তিন মাসের মধ্যে মামলার বিচারকাজ সম্পন্ন করে আদালত রায় দিয়েছে। জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেও তার দুই জয়নাল আহমদ ও আবুল কালামের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না থাকায় আদালত তাদের খালাস দিয়েছে।
আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
একমাসে নদীতে বিলীন ৪০০ বসতবাড়ি