প্রশাসন, শিক্ষা ও বিচারব্যবস্থাসহ দৈনন্দিন প্রাতিষ্ঠানিক চর্চায় এখনো সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ‘বাংলা ভাষা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তবে আমাদের স্বীকার করতে হবে যে, দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে এর প্রয়োগ এখনো আশানুরূপ নয়। সর্বস্তরে বাংলা ভাষা চালু করা কেবল একটি আনুষ্ঠানিক বিষয় নয়, এটি আমাদের মানসিক ও সাংস্কৃতিক অঙ্গীকারের প্রশ্ন।’
তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ ছিল বাঙালির আত্মপরিচয় ও সাংস্কৃতিক মর্যাদা রক্ষার লড়াই। সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সরকারি পর্যায়ে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তা আরও বৃদ্ধি করা প্রয়োজন। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাসহ সকল ভাষার প্রতি সম্মান প্রদর্শন ও তা সংরক্ষণের ওপরও জোর দেন তিনি।
রাষ্ট্রীয় এই আয়োজনের ব্যবস্থাপনা প্রসঙ্গে উপাচার্য জানান, প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পালন করেছে। এ বছর অত্যন্ত সুশৃঙ্খল ও নির্বিঘ্ন পরিবেশে মানুষ শ্রদ্ধা জানাতে পেরেছেন।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘ভাষা আন্দোলনের চেতনা কেবল স্মরণে সীমাবদ্ধ রাখলে চলবে না। বাংলাসহ সব মাতৃভাষার মর্যাদা রক্ষায় নিয়মিত চর্চা ও প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতিই হতে পারে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।’
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা
