ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবি প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। 

সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে আজ সকালে ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইউজিসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। তার পদত্যাগের কয়েক ঘণ্টার ব্যবধানেই ড. মামুন আহমেদকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হলো।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও বিশ্ববিদ্যালয়গুলোর তদারকি কার্যক্রম আরও গতিশীল করতে ড. মামুন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

পদত্যাগপত্র প্রসঙ্গে ড. এস এম এ ফায়েজ জানান, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি ইউজিসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন। কিন্তু বর্তমানে শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে অব্যাহতি চেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে।

নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের শিক্ষক এবং বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করছেন। 

FJ
আরও পড়ুন