আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমাতে নতুন সিলেবাস ও কারিকুলাম এমনভাবে সাজানো হচ্ছে, যাতে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাই মূল ভিত্তি হয়। তিনি আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনা হচ্ছে এবং শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।
তিনি জানান, দেশের কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নির্মাণাধীন ৩২৯টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ আগামী দুই বছরের মধ্যে শেষ করা হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০২৮ সালের মধ্যে এমন ব্যবস্থা করা হবে যাতে শিক্ষার্থীরা পরীক্ষার পর দীর্ঘ সময় অপেক্ষা না করে দ্রুত পরবর্তী ধাপে যেতে পারে। কলেজ শেষ করেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনাও রয়েছে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এছাড়া আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। নতুন শিক্ষাবর্ষ থেকে সব স্কুলে সংশোধিত ও পরিমার্জিত বই পৌঁছে দেওয়ার কাজ ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করা হবে বলেও জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, কোচিংনির্ভরতা কমাতে পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের শিক্ষার ওপর বেশি নির্ভরশীল হয় এবং সহশিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ বাড়ে।
ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু হচ্ছে ২৭ জুলাই: বিমানমন্ত্রী
দেশ মাদকমুক্ত না হলে স্বাস্থ্যখাতের বিশাল বাজেট কাজে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী
১৬ জুন হোক গণমাধ্যমের স্বাধীনতা দিবস: তথ্যমন্ত্রী