প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) প্রাঙ্গণে একটি ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৪ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি ডা. জুবাইদা রহমানের শিক্ষা ও পেশাগত জীবনের কৃতিত্বপূর্ণ নানা দিক তুলে ধরেন। তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজের কে-৪৩ ব্যাচের এই কৃতি শিক্ষার্থী সফলভাবে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করে চিকিৎসা পেশায় যুক্ত হন।
শিক্ষাজীবনে মেধা, নিষ্ঠা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখে তিনি নিজেকে একজন দক্ষ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং পরবর্তীতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অংশ হিসেবে দেশের মানুষকে সেবা দেন। উচ্চতর চিকিৎসার ক্ষেত্রে ডা. জুবাইদা রহমানের সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে তিনি সর্বোচ্চ নম্বর ও স্বর্ণপদকসহ এমএসসি কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেন, যা হৃদরোগ নির্ণয় ও ব্যবস্থাপনায় তাঁর দক্ষতাকে আন্তর্জাতিক পর্যায়ে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
অধ্যাপক রফিকুল ইসলাম তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, ১-১১ সরকার ও বিগত ফ্যাসিস্ট সরকারের নির্মম আচরণের কারণে নিজের পরিবারের পাশে থাকতে গিয়ে ডা. জুবাইদা রহমানকে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। তবে তিনি কখনো দমে যাননি।
বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে ভূমিকা রাখার পর তিনি আবারও দেশের মানুষের সেবায় ফিরে এসেছেন। একই সাথে আপসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনার শুরু থেকেই ডা. জুবাইদা রহমান সম্পৃক্ত ছিলেন এবং এভারকেয়ার হাসপাতালসহ সংশ্লিষ্ট চিকিৎসা ব্যবস্থার সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
পরিবেশ রক্ষায় জিয়া পরিবারের ঐতিহ্যের কথা স্মরণ করে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে সবসময় পরিবেশবান্ধব কর্মকাণ্ডে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাছ উপহার দেওয়ার মাধ্যমে সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্কের এক নতুন মাইলফলক স্থাপন করেছিলেন এবং তাঁর রোপণ করা সেই নিম গাছ আজও সৌদি আরবে ‘জিয়া ট্রি’ নামে পরিচিত। সেই ধারাবাহিকতা বজায় রেখেই জিয়া পরিবারের সদস্য ডা. জুবাইদা রহমানের জন্মদিনে তাঁর প্রিয় ঢামেক ক্যাম্পাসে নিমসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
অনুষ্ঠানের আয়োজকরা এই উদ্যোগকে স্বাস্থ্যখাতের পেশাজীবীদের সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে অভিহিত করেন। তাঁরা বিশ্বাস করেন, এ ধরনের কর্মসূচি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।
এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, অর্থোপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেন বিপ্লব, নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আসাদুর রহমান, নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ উদ্দিন নোমান, হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মাহমুদুর রহমান নোমান, চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফখরুজ্জামান রনি, শিক্ষক সমিতির সদস্য সচিব সহযোগী অধ্যাপক আহমেদ সামি আল হাসান, বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডাঃ মির্জা আসাদুজ্জামান রতন এবং ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ আসাদুজ্জামানসহ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রাজধানীতে ৩ দিন যেসব রাস্তা এড়িয়ে চলবেন
গুলশানে এডিসের লার্ভা পাওয়ায় রেস্তোরাঁকে জরিমানা
‘ঢাকায় ৪৪৫টি ভূমিকম্প-সহনশীল আশ্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা’
চিড়িয়াখানায় নেই ‘ট্রাম্প’, নতুন গন্তব্য কোথায়
আশুরা উপলক্ষে ডিএমপির জরুরি নির্দেশনা