পরীক্ষার সময় মদ্যপান ও মাতলামি, প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম

সিরাজগঞ্জ, শাহজাদপুর উপজেলার একটি বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন প্রধান শিক্ষকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে।

শনিবার (৪ জুলাই) নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন প্রধান শিক্ষক রুহুল আমিনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে শিক্ষক রুহুল আমিনকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায় বলে দাবি করা হয়।

বিষয়টি দ্রুত নজরে আসার পর প্রশাসনিক পর্যায়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।
ঘটনাটি শিক্ষা মন্ত্রণালয়ের নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে। পরে সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।


শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের আচরণ শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ও মর্যাদার পরিপন্থী এবং এটি শিক্ষক সমাজের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। তাই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক চাকরির শর্তাবলি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও (Monthly Pay Order) স্থগিত থাকবে বলেও জানানো হয়েছে।
ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

NM/SN
আরও পড়ুন