শাহবাগে জাতীয় সংগীত অবমাননা করার অভিযোগে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল শিক্ষার্থী।
সোমবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এবং মোমবাতি জ্বালিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী-সমর্থকরা অংশ নেন।
আয়োজকরা জানান, গত ১০ মে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ চলাকালে কয়েকজনকে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদে তারা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করেছেন।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির (সিইউবিএস) সহযোগিতায় জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাবর আলী বলেন, 'ঢাকার শাহবাগে জাতীয় সংগীত পরিবেশনে বাধা সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকে শহীদ মিনারে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশনের আয়োজন করেছি। সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন।'
এ সময় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

