গ্যালারিতে বসে ক্ষুদে ফুটবলারদের নৈপুণ্য উপভোগ করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২০ জুন ২০২৬, ০৬:২১ পিএম

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’ এর চূড়ান্ত পর্বে উপস্থিত থেকে ক্ষুদে ফুটবলারদের খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২০ জুন) বিকাল চারটার দিকে তিনি ঢাকার আর্মি স্টেডিয়ামে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন।

সারা দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি বিদ্যালয় ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হচ্ছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এর আগে বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতায় অংশ নিয়েছে ২২ লাখ শিক্ষার্থী। গত ৬ এপ্রিল শুরু হওয়া এ মহাযজ্ঞে দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ লাখের বেশি ছাত্র ও ১১ লাখের বেশি ছাত্রী অংশ নেয়। গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় ধাপ পেরিয়ে সেরা দলগুলো ঢাকায় চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করার এ উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে। আগামী আসরে অন্তত ৫০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

Attr/AHA
আরও পড়ুন